গাইবান্ধায় নদীতে নেমে স্কুলছাত্রী নিখোঁজ
গাইবান্ধার পলাশবাড়ীতে নদীতে গোসল করতে নেমে ১৩ বছর বয়সী এক স্কুল ছাত্রী নিখোঁজ হয়েছে।
পলাশবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) নবীউল ইসলাম জানান, শুক্রবার দুপুরে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের গণেশপুর গ্রামের মৎস্য নদীতে নিখোঁজ মিতু আক্তারের সন্ধানে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস।
মিতু ওই গ্রামের রাখু মিয়ার মেয়ে এবং গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
পরিদর্শক নবীউল জানান, খবর পেয়ে গাইবান্ধা থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে আসে। তবে মিতুর কোনো সন্ধান পাওয়া যায়নি।
কিশোরগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতোয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে গ্রামের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংলগ্ন এলাকার মৎস্য নদীতে গোসল করতে নামলে মিতু নিখোঁজ হয়।
