২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় পুলিশের সঙ্গে গোলাগুলি, ৩ ‘ডাকাত’ গ্রেপ্তার

বগুড়ার কাহালুতে গোলাগুলির পর ডাকাতি ও হত্যা মামলার তিন আসামিকে অস্ত্রসহ গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2016, 02:20 PM

Updated : 20 Aug 2022, 01:52 PM

বগুড়ার জ‌্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার দুর্গাপুর এলাকায় গোলাগুলি এ ঘটনা ঘটে। 

গ্রেপ্তাররা হলেন- কাহালুর আটঘরিয়া গ্রামের গোলাম মাস্তফা (৪০), বগুড়ার গাবতলীর কদমতলী গ্রামের মো. মন্টু (৩৫) ও শাহজাহানপুর উপজেলার চকদোলহাট গ্রামের বিপুল (৩০)।

তাদের বিরুদ্ধে বগুড়ার সারিয়াকান্দি, বগুড়া সদর, সিংড়া থানায় ডাকাতি ও হত্যা মামলা রয়েছে বলে গাজিউর রহমান জানান।

তিনি বলেন, “রাত আনুমানিক সোয়া ২টার দিকে দুর্গাপুর এলাকায় একদল লোককে দেখে সন্দেহ হলে টহল পুলিশ তাদের থামতে বলে। 

“এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশও পাল্টা জবাব দেয়। কিছুক্ষণ পর তিন ডাকাতের পায়ে গুলি লাগে এবং বাকিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে অস্ত্র ও ডাকাতি করার সরঞ্জামসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়।”

গ্রেপ্তার তিনজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে মেডিকেল ফাঁড়ির এসআই মো. শাহ আলম জানান,

এ ঘটনায় দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। এরা হলেন – কাহালু থানার কনস্টেবল আহসানুল্লা করিম ও মমিনুল ইসলাম।