২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খাদিজা ওপর হামলা: বদরুলের শাস্তির দাবিতে স্মারকলিপি

সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে জখম করার মামলার আসামি বদরুল আলমের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কলেজটির শিক্ষার্থীরা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2016, 03:57 PM

Updated : 20 Aug 2022, 01:51 PM

বৃহম্পতিবার মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি শেষে জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ আমিনুর রহমানের কাছে একটি স্মারকলিপি জমা দেন তারা।

স্মারকলিপিতে বদরুলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করাসহ মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা।

স্মারকলিপি গ্রহণ করে আমিনুর রহমান বলেন, “খাদিজার উপর হামলার ঘটনার বিচার নিশ্চিত করা হবে। এ মামলাটি দ্রুত শেষ করতে উদ্যোগ নেওয়া হয়েছে।”

এদিকে দুর্গা পূজাকে সামনে রেখে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত আন্দোলন স্থগিত করা হয়েছে বলে আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখপাত্র সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী ফজিলাতুন্নেছা জানান।

তবে এর মধ্যে বদরুলের শাস্তি না হলে পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে এ ঘটনার প্রতিবাদে বেলা ১১ টায় সিলেট সরকারি মহিলা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ কমিটি ও জৈন্তিয়া ছিন্নমুল পরিষদ নামের কয়েকটি সংগঠন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করে।

প্রায় একই সময় খাদিজার গ্রামের বাড়ি এলাকার হাউশা পয়েন্টে মানববন্ধন করেছে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী।