২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা

টঙ্গীর এরশাদ নগর এলাকায় ‘চাঁদার দাবিতে’ বাড়িতে ঢুকে প্রবাসী এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গাজীপুর প্র্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2016, 11:42 AM

Updated : 20 Aug 2022, 01:51 PM

নিহত দেলোয়ার হোসেন গত দশ বছর ধরে মালয়েশিয়ায় বসবাস করছিলেন। গত কোরবানির ঈদের দুদিন আগে তিনি দেশে আসেন।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এরশাদ নগরের ৪ নম্বর ব্লকে নিজের বাড়িতে তিনি হামলার শিকার হন বলে টঙ্গী থানার এসআই জহুরুল হক জানান। 

নিহতের বোন মুক্তা বেগম সাংবাদিকদের বলেন, দেলোয়ার দেশে আসার পর থেকেই স্থানীয় কয়েকজন ‘চিহ্নিত সন্ত্রাসী’ তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। টাকা না দিলে তাকে হত‌্যার হুমকিও দেওয়া হয়েছিল।

“সকালে পিচ্চি হোসেনসহ ৭/৮ জন সন্ত্রাসী বাড়িতে এসে টাকা চায়। দেলোয়ার দিতে রাজি না হওয়ায় তারা কূপিয়ে ফেলে রেখে চলে যায়।”

পরে ‍এলাকাবাসী দেলোয়ারকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই জহুরুল হক বলেন, পরিবারের অভিযোগ তারা খতিয়ে দেখবেন। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।