২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ডাকাতের গুলিতে আহত ৩

পাবনা সদরে ডাকাতের গুলিতে তিন ব্যবসায়ী আহত হয়েছেন। পরে স্থানীয়রা সন্দেহভাজন দুই ডাকাতকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2016, 11:28 PM

Updated : 20 Aug 2022, 01:51 PM

টেবুনিয়া বাজারে বুধবার রাতে এ ঘটনা ঘটে বলে পাবনা সদর থানার ওসি আব্দুল্লাহ আল হাসান জানান।

আহতরা হলেন সদর উপজেলার মজিদপুর গ্রামের ব্যবসায়ী আতাউর রহমান (৫৫), তার ছেলে রকি হোসেন (২২) ও মনিদহ গ্রামের সবুজ হোসেন (৩০)।

আটকরা হলেন গাজীপুরের চন্দ্রা এলাকার মোস্তফা প্রামানিক (৪০) ও পাবনার সুজানগর উপজেলার আকুব্বর মোল্লা (৩০)।

ওসি আব্দুল্লাহ আল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৮টার দিকে দিকে কয়েকজন ডাকাত ব্যবসায়ী আতাউর রহমানের ব্যবসা প্রতিষ্ঠান আরসি মেশিনারিজ নামের একটি দোকানে হানা দেয়। তারা অস্ত্রের মুখে টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

“আতাউর ও তার ছেলে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে ডাকাতদের ধাওয়া করে। ডাকাতদল এলোপাথাড়ি গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।”

পরে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী ডাকাতদের ধাওয়া করে দুইজনকে ধরে পুলিশে খবর দেয় বলে জানান ওসি।

ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুই ডাকাতকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পরে আহত অবস্থায় তাদের পুলিশ পাহারায় পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পাবনা জেনারেল হাসপাতালের ব্রাদার শরিফুল ইসলাম বলেন, আহত ব্যবসায়ী আতাউর রহমান ও ছেলে রকির অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।