‘ভুল পথ’ ছেড়ে এলেন গুলশান হামলাকারীর বন্ধু
আইনশৃঙ্খলা বাহিনীর আহ্বানে সাড়া দিয়ে জঙ্গি সংগঠন ছেড়ে এসেছেন গুলশান হামলাকারী খায়রুল ইসলাম পায়েলের এক বন্ধু।
আবদুল হাকিম (২২) নামে এই যুবক বুধবার বগুড়ায় র্যাবের আয়োজিত আত্মসমর্পণ অনুষ্ঠানে ‘নব্য জেএমবি’ ছেড়ে এসে বলেন, তিনি যে ভুল পথে ছিলেন, তা এখন বুঝতে পারছেন তিনি।
শহীদ টিটু মিলনায়তনে আত্মসমর্পণের আনুষ্ঠানিকতা শেষে ‘নব্য জেএমবি’র সদস্য হাকিম র্যাবের প্রতিশ্রুত ৫ লাখ টাকার চেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের হাত থেকে নেন।
একই অনুষ্ঠানে আত্মসমর্পণ করে ৫ লাখ টাকার চেক নেন আরেক জঙ্গি গাইবান্ধার সাঘাটা থানার হাটভরতখালী গ্রামের প্রয়াত সেকান্দার আলীর ছেলে মাহমুদুল হাসান বিজয় (২৩)।
মাহমুদুল বলেন, “আমি যেখানে গিয়েছিলাম, তারা শিয়া, হিন্দু ও খ্রিস্টানদের হত্যার কথা বলে। আমি ফিরে এসেছি। আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি যেন দেশের জন্য কাজ করতে পারি সে জন্য দোয়া করবেন।”
বগুড়ার শাজাহানপুর উপজেলার কামারপাড়া গ্রামের আবদুর রহমানের ছেলে হাকিম বলেন, “আমরা ভুল করে যে পথে গিয়েছিলাম, সেটা ছিল অন্ধকারের পথ। আমাকে তারা ইসলামী জিহাদের কথা বলে উৎসাহিত করেছিল।
“আমি ভুল বুঝতে পেরে ফিরে এসেছি। আমি জঙ্গিবাদে বিশ্বাস করি না। এ পথ থেকে সবার ফিরে আসা উচিৎ। স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণায় সবার সাড়া দেওয়া উচিৎ।”
হাকিম ভিহিগ্রাম এডিইউ সেন্ট্রাল ফাজিল মাদ্রাসায় পড়ার সময় জঙ্গি খায়রুল ইসলাম পায়েলের সঙ্গে তার বন্ধুত্ব হয় বলে র্যাব কর্মকর্তারা জানান।
শাজাহানপুর উপজেলারই চোপিনগর ইউনিয়নের বৃ-কুষ্টিয়া গ্রামের বাসিন্দা পায়েল গত ১ জুলাই হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর কমান্ডো অভিযানে নিহত হন।
গুলশান হামলাকারীদের লাশ, যার মধ্যে খায়রুল ইসলাম পায়েলও রয়েছেন
হাকিম শাজাহানপুরের কামারপাড়া সরকারি প্রাইমারি স্কুলে তৃতীয় শ্রেণি শেষ করে কুষ্টিয়ার হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি হন। সেখানে দুই বছর পড়ার পর তিনি ভর্তি হন বিহিগ্রাম মাদ্রাসায়; ২০১৩ সালে দাখিল এবং ২০১৫ সালে আলিম পাস করেন তিনি।
র্যাব কর্মকর্তারা জানান, খায়রুলের প্ররোচনায়ই হাকিম জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন। জঙ্গি হামলার প্রশিক্ষণেও অংশ নিয়েছিলেন তিনি। হাকিমকে মিরপুরে একটি জঙ্গি আস্তানায় প্রশিক্ষণের জন্য খায়রুল ঢাকায়ও নিয়ে এসেছিলেন।
আত্মসমর্পণকারী হাকিম র্যাবকে বলেছেন, প্রশিক্ষণ কেন্দ্রের নিয়মকানুন ছিল কড়া। প্রশিক্ষকদের কক্ষে ঢোকা বারণ ছিল।
কিন্তু হাকিম কৌশলে একদিন প্রশিক্ষকদের রুমে উঁকি দিয়ে সেখানে রানা নামে একজনসহ আরও ৮/৯ জঙ্গিকে নানা ধরনের রাসায়নিকসহ দেখে ফেলেন বলে জানান র্যাব কর্মকর্তারা।
হাকিম বলেছেন, তার প্রশিক্ষণ গ্রহণকালে হলি আর্টিজান বেকারি ও শোলাকিয়ায় হামলা হয়। দুটি ঘটনার নৃশংস ও বীভৎস দৃশ্য দেখে তিনি জঙ্গিবাদে নিরুৎসাহিত হয়ে পড়েন।
“এছাড়া সারাদেশে এসব হামলার নেতিবাচক সমালোচনায় হাকিম অনুশোচনা বোধ করে এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তখন থেকে দ্বিধা-দ্বন্দ্বে ভুগতে থাকে। সে বুঝতে পারে যে, সে ভুল পথে রয়েছে,” বলেন এক র্যাব কর্মকর্তা।
তিনি বলেন, তখন হাকিম সুযোগ বুঝে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র হতে পালিয়ে বাড়ি চলে আসেন এবং পরিবারের সাথে খোলাখুলি আলাপ করলে পরিবার তাকে আত্মসমর্পণে উৎসাহী করে র্যাবের কাছে নিয়ে আসে।
গুলশান ও শোলাকিয়ায় ঘরছাড়া তরুণদের জড়িত থাকার তথ্য উঠে আসার পর র্যাব-পুলিশ নিখোঁজ তরুণদের তালিকা প্রকাশ করে তাদের পরিবারের কাছে ফিরে আসার আহ্বান জানায়; র্যাবের পক্ষ থেকে ঘোষণা হয় পুরস্কার।
বেনজীর আহমেদ
অনুষ্ঠানে র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, “যারা স্বাভাবিক জীবনে ফিরে আসবে তাদেরকে পুনর্বাসনে সহায়তা করা হবে, যাতে সমাজের মূল ধারায় তারা ফিরে আসতে পারে।”
অন্যদিকে যারা এই সুযোগ নেবে না তাদের জন্য কঠোর পরিণতির সতর্কবার্তাও দেন তিনি।
হাকিমের সঙ্গে আত্মসমর্পণকারী মাহমুদুল হাসান বিজয় স্কুল ও মাদ্রাসা উভয় ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনা করেন। তিনি ইসলামী ছাত্রশিবিরে যুক্ত ছিলেন বলে র্যাব জানায়।
বাহিনীর এক কর্মকর্তা বলেন, আনসারুল্লাহ বাংলাটিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানীর ওয়াজ ও লিখিত বই পড়ে জঙ্গিবাদে আকৃষ্ট হয়ে জেএমবিতে যোগ দেন গাইবান্ধার মাহমুদুল।
“সে বোনারপাড়া, মহিমাগঞ্জ, সারিয়াকান্দি, বগুড়ায় জেএমবির বিভিন্ন সভায় যোগদান ও প্রশিক্ষণ গ্রহণ করেছে এবং সে সংগঠনের অস্ত্র ক্রয়ের জন্য ইয়ানত সংগ্রহ করত।”
মাহমুদুল র্যাবকে বলেছেন, প্রশিক্ষণের সময় তাদের বোঝানো হত, ‘এই জিহাদের মাধ্যমে সরাসরি জান্নাত লাভ করা সম্ভব’।
প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে শিয়া মুসলিম, খ্রিস্টান নাগরিক ও হিন্দু পুরোহিতের উপর হামলায় উৎসাহ দেওয়া হত বলেও জানান তিনি।
মাহমুদুলকে ‘থ্রিমা’ ও ‘ভিপিএন’ অ্যাপের মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহার করে যোগাযোগ রাখার প্রশিক্ষণও দেওয়া হয় বলে র্যাব জানিয়েছে।
বাহিনীর এক কর্মকর্তা বলেন, “সে (মাহমুদুল) অস্ত্র প্রশিক্ষণ গ্রহণের জন্য উত্তীর্ণ হয়েছিল। তাকে কয়েকবার প্রশিক্ষণের জন্য ঢাকায় আসতে বলা হয়। কিন্তু কখনও পরীক্ষা, অর্থাভাব ও পারিবারিক কারণে সে আসতে পারেনি।
“এই সময়ে জঙ্গিবাদবিরোধী প্রচারণা এবং সাঁড়াশি অভিযানে সে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। সে বুঝতে পারে আত্মগোপন
কোনো সমাধান নয়। এক পর্যায়ে সে বিষয়টি পরিবারকে জানালে তারা তাকে র্যাবের কাছে নিয়ে আসে।”
মাহমুদুল ও হাকিমকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, “ইসলাম ধর্মকে কলঙ্কিত করার পথ থেকে যারা ফিরে আসবে, তাদেরকে আমরা স্বাগত জানাব। অন্যথায় আইনশৃঙ্খলা বাহিনী তাদের খুঁজে আনবে।”
হাকিমের বড় ভাই আব্দুল হালিম এবং মাহমুদুলের মা আকতার জাহানও অনুষ্ঠানে কথা বলেন। তারা নিজেদের সন্তান ও ভাইয়ের কৃতকর্মের জন্য সবার কাছে ক্ষমা চান এবং জঙ্গিবাদে জড়িয়ে পড়া সবাইকে ফিরে আসার আহ্বান জানান।
