অন্যকে ফাঁসাতে শিশু সন্তানকে হত্যা, বাবা আটক
হবিগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের সাত বছর বয়সী সন্তানকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়ন থেকে আবদুশ শহীদ লিটনকে আটক করা হয় বলে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানান র্যাব-৯ এর এএসপি মোহাম্মদ জিয়াউল হক।
আটক লিটন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দক্ষিণ জারুলিয়া গ্রামের বাসিন্দা।
এএসপি জিয়াউল বলেন, হাওরে মাছ ধরাকে কেন্দ্র করে লিটন ও তার ভাইদের সঙ্গে প্রতিবেশী আবদুর রউফ, সোহেল ও রফিকদের বিবাদ ছিল। প্রতিপক্ষকে ফাঁসাতে স্ত্রী মিলন বেগমকে নিয়ে সন্তান ইফাকে হত্যার পরিকল্পনা করেন লিটন।
“পরিকল্পনা মতো গত ২১ অগাস্ট রাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ইফাকে হত্যা করে লিটন। একই সঙ্গে আরেক সন্তান রিফাকেও কুপিয়ে গুরুতর আহত করেন।
“ঘটনার পর ইফাকে প্রতিপক্ষ আবদুর রউফসহ অন্যরা হত্যা করেছে বলে প্রচার করতে থাকেন লিটন; কিন্তু তার ছলচাতুরি ধরা পড়ে যাওয়ায় আত্মগোপনে চলে যান তিনি।”
র্যাব কর্মকর্তা বলেন, পরে এ ঘটনা অনুসন্ধানে নামে র্যাব। এক পর্যায়ে লিটনের অবস্থান শনাক্ত হলে সোমবার গভীর রাতে তাকে আটক করে। আটকের পর
জিজ্ঞাসাবাদে নিজ সন্তানকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন লিটন।”
