শিশুকে তুলে নিয়ে হোটেলে আটকে ‘পালাক্রমে ধর্ষণ’
খাগড়াছড়িতে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া একটি মেয়েকে তুলে নিয়ে হোটেলে আটকে রেখে পালাক্রমে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার সদরের শাপলা চত্বরের হোটেল ফোরস্টার থেকে মেয়েটিকে উদ্ধার করা হয় বলে জানান সদর থানার সদর থানার ওসি তারেক মোহাম্মদ আবদুল হান্নান ।
এ সময় ঘটনায় জড়িত অভিযোগে মো. মাহমুদুল হাসান (১৯) নামে এক যুবককে আটক করা হয়েছে । সদরের কলাবাগান এলাকার চাঁন মিয়ার ছেলে মাহমুদুল।
মেয়েটিকে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তার অবস্থা গুরুতর হওয়ায় এখনও মেডিকেল পরীক্ষা করা সম্ভব হয়নি বলে জানান হাসপাতালের আরএমও নয়নময় ত্রিপুরা।
ওসি বলেন, গত ১ অক্টোবর সকালে নানির বাড়ি যাওয়ার পথে গঞ্জপাড়া সেতু এলাকা থেকে মেয়েটিকে মোটরসাইকেলে করে তুলে এনে খাগড়াছড়ি কুমিল্লাটিলা এলাকার হোটেল ইকোছড়ি ও শাপলা চত্বর এলাকার হোটেল ফোরস্টারে তিনদিন আটকে রেখে ধর্ষণ করে মাহমুদুলও তার বন্ধুরা।
“শিশুটির অভিভাবকরা খোঁজাখুঁজি করে মঙ্গলবার হোটেল ফোরস্টারের ৩০৫ নম্বর রুম থেকে শিশুটিকে উদ্ধার এবং মাহমুদুলকে আটক করে পুলিশে হস্তান্তর করে।”
এ ঘটনায় শিশুটির বড় বোন বাদী হয়ে মাহমুদুলসহ চারজনকে আসামি করে একটি মামলা করেছেন বলেও জানান ওসি।
