শ্রীপুরে ট্রাক-পিকআপ-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ২
গাজীপুরের শ্রীপুরে ট্রাক, কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে এক চালকসহ দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
হতাহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মাওনা হাইওয়ে থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, রঙ্গিলা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উন্নয়ন কাজ চলার কারণে রাস্তার একপাশ বন্ধ থাকায় অন্য পাশ দিয়ে উভয়মুখী যানবাহন চলাচল করছিল।
তিনি জানান, বেলা আড়াইটার দিকে ওই এলাকায় আদিব ডাইং কারখানার সামনে ময়মনসিংহগামী বালুভরতি একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি মিনি কভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
ওই সময় পেছনে থাকা ঢাকাগামী অপর একটি মাইক্রোবাস ওই কভার্ডভ্যানের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন নিহত ও অপর চারজন আহত হন বলে জানান ওসি।
ওসি আরও জানান, আহতদের হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন কভার্ডভ্যানের চালক। নিহতদের বয়স ২৫ থেকে ৩০ এর মধ্যে।
