রাবিতে প্রতি আসনে লড়বে ৩৮ ভর্তিচ্ছু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষা বর্ষে স্নাতকে (সম্মান) ভর্তি হতে প্রতি আসনের বিপরীতে ৩৮ জন শিক্ষার্থী আবেদন করেছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন এ তথ্য জানিয়েছেন।
আগামী ২৪ অক্টোবর থেকে ২৭ অক্টোবর মোট নয়টি ইউনিটের ৫৬টি বিভাগ ও দুইটি ইনস্টিটিউটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আসলাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোটাসহ মোট চার হাজার ৭১৩টি আসনে বিপরীতে আবেদন করেছে এক লাখ ৭৮ হাজার ৯৪৯ জন। ফলে প্রতি আসনে লড়বে ৩৮জন শিক্ষার্থী।
গত ১৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর রাত ১২টা পর্যন্ত অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন জমা নেওয়া হয়।
এর মধ্যে ‘এ’ ইউনিটে ২১ হাজার ২৩১, ‘বি’ ইউনিটে ১৭ হাজার ৯৭২, ‘সি’ ইউনিটে ৩২ হাজার ৮০২, ‘ডি’ ইউনিটে ১৭ হাজার ৫২৮, ‘ই’ ইউনিটে ২৪ হাজার ১৮৬, ‘এফ’ ইউনিটে ১৯ হাজার ৯২৯, ‘জি’ ইউনিটে ১৩ হাজার ৯২৬, ‘এইচ’ ইউনিটে ২৯ হাজার ৫৭, ‘আই’ ইউনিটে দুই হাজার ৩১৮ জন পরীক্ষার্থী আবেদন করেছেন।
এবার শুধুমাত্র ২০১৬ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণরা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে বলে জানান তিনি।
ভর্তি প্রক্রিয়া সম্পর্কিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd বিস্তারিত তথ্য জানা যাবে।
