প্রাইভেটকারসহ নদীতে পড়া রুমির মৃতদেহ উদ্ধার
মুন্সীগঞ্জের মুক্তারপুরে সেতুর রেলিং ভেঙে প্রাইভেটকারসহ ধলেশ্বরী নদীতে পড়ে নিখোঁজ হওয়া জালাল উদ্দিন ভুঁইয়া রুমির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বিকালে মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটের কাছে চর কিশোরগঞ্জে ধলেশ্বরী-মেঘনা নদীর মোহনা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান মুক্তারপুর নৌ-ফাঁড়ির ইনচার্জ এসআই মোশারফ হোসেন।
রুমি (২০) নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়ার ব্যবসায়ী আব্দুর রউফের ছেলে।
শুক্রবার রাতে চালক মো. রুবেলকে নিয়ে মুক্তারপুর সেতুতে ঘুরতে যান রুমি। পরে চালককে সেতুর দক্ষিণ প্রান্তে নামিয়ে দিয়ে টোল প্লাজা থেকে ইউ টার্ন নিয়ে আসার পথে রেলিং ভেঙে গাড়িসহ নদীতে পড়ে যান তিনি।
ডুবুরিরা শনিবার দুপুরে প্রাইভেটকার উদ্ধার করলেও রুমি নিখোঁজ ছিলেন।
এসআই মোশারফ বলেন, ধলেশ্বরী-মেঘনা নদীর মোহনায় রুমির লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে মুক্তারপুর নৌ-ফাঁড়ির পুলিশ মৃতদেহটি উদ্ধার করলে রুমির খালাত ভাই মোহাম্মদ শফিক তা শনাক্ত করেন।
