২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ১০ টাকার চাল বিতরণে অনিয়মের অভিযোগ

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজির চাল সচ্ছল ব্যক্তিদের কাছে বিক্রির অভিযোগ উঠেছে ফরিদপুরের একটি ইউনিয়নে।

ফরিদপুর প্রতিনিধি

মফিজুর রহমান শিপন,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2016, 02:52 PM

Updated : 20 Aug 2022, 01:49 PM

নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নে স্বল্পমূল্যের চাল বিক্রির জন্য তালিকাভুক্তদের মধ্যে বেশ কয়েকজনের পাকা বাড়ি ও জমিজমা রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।

সরজমিনে গিয়ে চাল বিতরণের সময় দেখা গেছে, ইউনিয়নের গজগা গ্রামের গেদা তপাদার, ওসমান খান, জলিল মাতুব্বরসহ বেশ কিছু সচ্ছল ব্যক্তি  লাইনে দাঁড়িয়ে ১০ টাকা কেজি দরে চাল নিচ্ছেন।

ইউনিয়নের রামনগর গ্রামের মনোরঞ্জন দাস, মোসলেম কারিকর, হারুন কারিকর, বকুল পরামানিক, কুঞ্জনগর গ্রামের সেফার মাতুব্বর, রাধানগর গ্রামের সামাদ সিকদার, গজগা গ্রামের ফারুক মণ্ডলসহ এলাকার শতাধিক সচ্ছল ব্যক্তির নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এদের অনেকের বাড়িতে পাকা ভবন রয়েছে, কেউ আবার ব্যবসায়ী ও অনেক জমিজমার মালিক।

হতদরিদ্রদের নাম বাদ দিয়ে তালিকায় এসব সচ্ছল ব্যক্তি ও প্রভাবশালীদের নাম অন্তর্ভুক্ত করায় ক্ষোভ প্রকাশ করেছে সুবিধাবঞ্চিতরা। ইউনিয়নের কুঞ্জনগর গ্রামের বিধবা ও অসহায় রওশনআরা বেগম, জমেলা বেগম, গজগা গ্রামের বিধবা ছবুরন বেগম, গোপালপুর গ্রামের কুদ্দুস হোসেন, রাধানগর গ্রামের ভ্যানচালক লিয়াকত খান, রামনগর গ্রামের ভূমিহীন করিম মোল্যা, গৌরচন্দ্র মালো, রাধানগর গ্রামের বিল্লাল ফকির, গজগা গ্রামের ভূমিহীন নুরু শেখ, মাসুদ মণ্ডল, জয়নাল হোসেন, গোপালপুর গ্রামের মালোসহ এলাকার অনেকেই হতদরিদ্র হওয়া সত্ত্বেও তালিকায় স্থান পাননি।

গজগা গ্রামের বিধবা ছবুরন বেগম বলেন, “গরিবগো জন্যি শেখের বেটি চাইল পাঠাইছে। কিন্তু রামনগরে ১০ টাকা কেজি দামের গরিবের চাইল যাইতাছে বড়লোকদের পেটে।”

নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের ডিলার ছরোয়ার হোসেন বলেন, “হতদরিদ্রদের নামের তালিকা করেছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কুদ্দুস ফকির। ইউনিয়ন পরিষদের দেওয়া তালিকা অনুযায়ী ব্যক্তিদের আমরা কার্ড দেখে চাল দিচ্ছি।”

চেয়ারম্যান কুদ্দুস ফকির বলেন, এক হাজার তালিকা করতে গেলে কিছু উনিশ-বিশ হয়। এটা দোষের বিষয় না। এখন গ্রামে আগের মতো হতদরিদ্র লোক পাওয়া মুশকিল। সবাই এখন অনেকটা স্বাবলম্বী হয়ে গেছে।

“সামান্য কোনো অনিয়ম হলে সেটা আমার ইচ্ছাকৃত না। মেম্বরদের নিজ নিজ এলাকার তালিকা করার জন্য বলা হয়েছিল। এখন আমার পক্ষে তালিকুভুক্তদের যাচাই করা কি সম্ভব?”

নগরকান্দা উপজেলা খাদ্য পরিদর্শক সৈয়দ আলী বলেন, “কোনো সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।”

বৃহস্পতিবার রামনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কুদ্দুস ফকির, উপজেলা খাদ্য পরিদর্শক সৈয়দ আলী, সাবেক চেয়ারম্যান কাইমুদ্দিন মণ্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বনাথ চক্রবর্তী উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে চাল বিক্রি শুরু করেন।

এ ইউনিয়নের দুইজন ডিলার নিয়োগ করা হয়েছে। কুঞ্জনগর বাজারে ছরোয়ার মোল্যা ৫০১টি পরিবারে এবং কালিখোলা বাজারে শহিদুল ইসলাম ৫০১টি পরিবারে চাল বিক্রি করছেন।