কিবরিয়া হত্যা: সাক্ষ্য দিল আরও দুইজন
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় আরও দুইজন সাক্ষ্য দিয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী সঞ্জীব আলী ও লিলু শুক্লা দাস বৃহস্পতিবার সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মকবুল আহসানের সামনে সাক্ষ্য দেন বলে আদালতের পিপি কিশোর কুমার কর জানান।
এ নিয়ে এ মামলায় মোট ৩৪ জন সাক্ষ্য দিল। আদালত আগামী ৫ অক্টোবর শুনানির পরবর্তী দিন রেখেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কিশোর কুমার জানান, সাক্ষ্যগ্রহণের সময় ১৪ আসামির মধ্যে হবিগঞ্জের বরখাস্ত মেয়র জি কে গউছ ও হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ১২ জন আদালতে উপস্থিত ছিলেন।
তবে সিলেট সিটি করপোরেশনের বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর হাজির ছিলেন না। তাদের অসুস্থতার কারণ দেখিয়ে তাদের পক্ষে আইনজীবীরা হাজিরা দেন।
গত বছর মামলার বাদী হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খানের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে এ মামলার বিচার শুরু হয়। রাষ্ট্রপক্ষে মোট ১৭১ জনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে এ মামলায়।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় ১৯৯৬-২০০১ মেয়াদের আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন।
ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান।
তিন দফা তদন্ত শেষে সিআইডির সিলেট অঞ্চলের সহকারী পুলিশ সুপার মেহেরুন নেছা পারুল ২০১৪ সালে ১১ জনের নাম যোগ করে ৩২ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেন। এরপর গত বছর ১১ জুন মামলাটি সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।
