২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে ক্রীড়া কর্মকর্তাকে মারধরের অভিযোগ

‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ কর্মসূচির আয়োজনে অনিয়মের কথা তুলে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে নৌ বাহিনীর এক কর্মকর্তার বিরুদ্ধে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2016, 04:56 PM

Updated : 11 Oct 2022, 08:45 PM

রোববার খাগড়াছড়ি জেলা পুলিশ লাইনে এ ঘটনা ঘটে।

আহত জুয়েল চাকমা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য। তাকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার বিচারের দাবিতে দুপুরে জেলা ক্রীড়া সংস্থা শহরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টায় খাগড়াছড়ি জেলা পুলিশ লাইনস পুকুরে বাংলাদেশ নৌবাহিনীর উদ্যেগে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ কর্মসূচির সাঁতারু বাছাই করতে আসে বাংলাদেশ নৌ বাহিনীর একটি দল।

অনুষ্ঠান স্থলে এসে নৌ বাহিনীর কর্মকর্তারা আয়োজনে অসম্পূর্ণতার অভিযোগ করতে থাকেন এবং অসন্তোষ প্রকাশ করেন।

এক পর্যায়ে নৌ বাহিনীর এক কর্মকর্তা জুয়েল চাকমাকে মারধর করেন।

জুয়েল চাকমা বলেন, নৌ বাহিনীর কমান্ডার এসএম মাহমুদুর রহমান অব্যবস্থাপনার অভিযোগ করেন। পরে অনুষ্ঠান স্থলে সবার সামনে এলোপাথাড়ি কিলঘুষি মেরে তাকে (জুয়েল) আহত করেন।

খবর পেয়ে জেলা প্রশাসক ক্রীড়া সংস্থার সভাপতি মুহাম্মদ ওয়াহিদুজ্জামান ও পুলিশ সুপার জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মজিদ আলীসহ কর্মকর্তা ও ক্রীড়াবিদরা ঘটনাস্থলে আসেন।

পরে প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি নিয়ে নৌ বাহিনীর কর্মর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং কমান্ডার এসএম রহমান ও জুয়েল চাকমাকে বুকে জড়িয়ে মিলিয়ে দেন।

এ বিষয়ে মামুদুর রহমান সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

শহরে বিক্ষোভ মিছিল

এ ঘটনার জন্য দায়ী ব্যক্তির শাস্তি দাবি করে জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা শহরে বিক্ষোভ মিছিল করেছেন।

বিক্ষোভ মিছিলটি টাউন হলের সামনে থেকে বের হয়ে জেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান বিক্ষোভকারীদের বলেন, “আমি বিষয়টি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানাব।”

বিক্ষোভকারীরা ঘটনার সুষ্ঠু বিচার না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেন।

এ সময় বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক নুরুল আজম, সহ-সভাপতি শানে আলম ও ক্রীড়া সংগঠক পার্বত্য জেলা পরিষদ সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু।