টাম্পাকো বিস্ফোরণ: ধ্বংসস্তূপ থেকে কঙ্কাল উদ্ধার
টঙ্গীর টাম্পাকো ফয়েলস কারখানার ধ্বংসস্তূপ থেকে আরও একটি মৃতদেহ (কঙ্কাল) উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরে উদ্ধারকর্মীরা কঙ্কালটি উদ্ধার করে বলে জানান টঙ্গীর থানার উপ-পরিদর্শক সুমন ভক্ত।
উদ্ধার মৃতদেহের পরিচয় জানা যায়নি।
এনিয়ে ওই কারাখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের পর ৩৬ জনের মৃতদেহ পাওয়া গেল।
এসআই সুমন বলেন, টাম্পাকো দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা ধ্বংসস্তূপ অপসারণ ও উদ্ধার কাজ শুরু করে। শনিবার বেলা সোয়া ২টার দিকে ধ্বংসস্তূপে একজনের কঙ্কাল পাওয়া যায়।
গত ১০ সেপ্টেম্বর টঙ্গীর টাম্পাকো ফয়েলস কারখানা বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় মিলেনি। এছাড়া নিখোঁজ রয়েছ আরও ১১ জন।
