২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাম্পাকো: ক্ষতিপূরণ চেয়ে রিটে আদেশ সোমবার

টঙ্গীর টাম্পাকো ফয়েলস কারখানায় অগ্নিকাণ্ডের জন‌্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাই কোর্টে করা একটি রিট আবেদন শুনে সোমবার আদেশের দিন রেখেছে আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2016, 05:41 PM

Updated : 20 Aug 2022, 01:42 PM

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের বেঞ্চে বুধবার এই শুনানি হয়।

আদালতে রিটকারী পক্ষে শুনানি করেন শরীফ ভূঁইয়া ও ব্যারিস্টার তানিম হোসেন শাওন। কারখানার মালিকপক্ষে ছিলেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত মজুমদার।

মানবাধিকার সংগঠন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্ল্যাস্ট) ও আইনও সালিশ কেন্দ্র (আসক) এবং পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি গত ১৯ সেপ্টেম্বর হাই কোর্টে এই রিট আবেদন করে।

গত ১০ সেপ্টেম্বর টাম্পাকো ফয়লস কারখানায় বিস্ফোরণের পর আগুন ধরে ছাদের একটি অংশ ধসে পড়লে ৩৫ জনের মৃত্যু হয়; আহত হন আরও অন্তত ৩৯ জন।

ওই ঘটনার পর মালিকপক্ষ নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেয়। এছাড়া লাশ বহনের জন্য জেলা প্রশাসন ২০ হাজার টাকা করে দেবে বলে জানায়।

টাম্পাকোতে বিস্ফোরণে হতাহতের ঘটনায় কারখানার মালিক সিলেটে বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. মকবুল হোসেনের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।

এ দুর্ঘটনার পেছনে কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়ার কথাও গাজীপুরের পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।