ঠাকুরগাঁওয়ে স্বামী খুন, স্ত্রী আহত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ‘জমি নিয়ে বিরোধের জেরে’ প্রতিবেশীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। হামলায় নিহত ব্যক্তির স্ত্রী আহত হয়েছেন।
রাণীশংকৈল থানার ওসি মো.রেজাউল করিম জানান, শুক্রবার সকালে উপজেলার কলিগাঁও গ্রামে এ ঘটনায় নিহত সেতাব আলী (৪০) স্থানীয় আশরাফ আলীর ছেলে।
এ ঘটনায় জসিম উদ্দীন (৩২) নামের ওই যুবককে আটক করা হয়েছে বলে ওসি রেজাউল করিম জানান।
নিহতের পরিবারের বরাত দিয়ে রেজাউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পূর্ব শত্রুতার জেরে সকালে জসিম বাড়িতে ঢুকে সেতাব আলীকে ছুরিকাঘাত করে হত্যা করেন। এ সময় রেখা গিয়ে সেতাবকে বাঁচানোর চেষ্টা করলে জসিম তাকেও ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করেন।
পরে স্থানীয়রা জসিমকে আটকে পুলিশে হস্তান্তর করে বলে জানান তিনি।
জসিম কলিগাঁও গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
