২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী হত্যার অভিযোগে কাউন্সিলর সোলায়মানকে গ্রেপ্তারের দাবি

স্ত্রী হত্যার অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোলায়মান মিয়াকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2016, 05:46 PM

Updated : 12 Apr 2022, 02:55 AM

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরীর কোনাবাড়ি এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে নিহতের স্বজন ও এলাকাবাসী অংশ নেন।  পরে সেখানে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্ত্রী নুশরাত জাহান টুম্পা (৩০) ও  ছেলেকে নিয়ে ঢাকার উত্তরার ৭ নম্বর সেক্টরে একটি বাসায় থাকতেন সোলায়মান। ওই বাসা থেকে রোববার নুশরাতের মৃতদেহ উদ্ধার করা হয়। এর পর সোলায়মানের বিরুদ্ধে মেয়েকে হত্যার অভিযোগ তোলেন নুশরাতের বাবা।

সমাবেশে নুশরাতের বাবা নজরুল ইসলাম, মা সেলিনা ইসলাম, ছেলে রাফি, স্থানীয় কাউন্সিলর আব্বাস উদ্দিন খোকন, কাউন্সিলর সফিকুর আমিন তপন, কাউন্সিলর আজাহার মোল্লা, খলিলুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সোলায়মানকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

টুম্পার বাবা বলেন, “রোববার বিকালে সোলায়মানের মোবাইল ফোনে এক নারীর ছবি দেখে দুজনের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সোলায়মান তাকে হত্যা করে পালিয়ে যায়।”

সোমবার সকালে টুম্পাকে স্বজনরা উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিলে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে উত্তরা পশ্চিম থানার ওসি আলী হোসেন খান জানিয়েছিলেন।

এ ঘটনায় নজরুল ইসলাম বাদী হয়ে ছয়জনকে আসামি করে উত্তরা পশ্চিম থানায়িএকটি মামলা করেন।

ঘটনার পর কাউন্সিলর সোলায়মান মিয়ার সঙ্গে মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায় বলে ওসি আলী জানান।