২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে দূরপাল্লার বাস বন্ধ

সিলেটের দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনার পর বাসে আগুন দেওয়ার প্রতিবাদে দূরপাল্লার বাস বন্ধ রয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2016, 09:51 AM

Updated : 11 Oct 2022, 08:44 PM

বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট ডাকে সিলেট সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক বলেন, বুধবার দুপুরে দক্ষিণ সুরমায় হানিফ পরিবহনের একটি বাসের চাপায় দুই মোটর সাইকেল-আরোহী নিহত হন। এরপর ক্ষুব্ধ জনতা দুর্ঘটনাস্থলে থাকা গাড়িটিতে আগুন দেয় এবং আরও কটি যানবাহন ভাংচুর করে।

“ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য সিলেটের দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ থাকবে। সিলেট থেকে অন্য জেলার কোনো বাস ছাড়বে না। অন্য কোনো জেলার বাসও সিলেটে আসবে না।”

এদিকে হঠাৎ বাস চলাচল বন্ধের কারণে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। অনেকেই ধর্মঘটের খবর না পাওয়ায় স্ট্যান্ডে এসে বিপাকে পড়েছেন।

হজরত শাহজালালের মাজার জিয়ারতে আসা বগুড়ার রশিদ আহমদ বলেন, “বুধবার সিলেট এসেছিলাম মাজার জিয়ারত করতে। আজ বাড়ি ফিরতে স্টেশনে এসে শুনি রাতে হঠাৎ করে ধর্মঘট ডাকা হয়েছে।”

বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সাতমাইল এলাকায় বাসচাপায় দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ইউনুছ আলী  ও দশহাল গ্রামের বাবুল মিয়ার ছেলে আব্দুস শহীদ মারা যান।