সিরাজগঞ্জে গ্রেপ্তার ৩ ‘জেএমবি’ রিমান্ডে
সিরাজগঞ্জের একটি মাদ্রাসা থেকে হাতবোমা ও উগ্র মতবাদের বইসহ গ্রেপ্তার জেএমবির চার নেতাকর্মীর মধ্যে তিনজনকে জিজ্ঞাসাবাদের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
বুধবার বিকালে তাদের সিরাজগঞ্জ জেষ্ঠ্য বিচারিক হাকিম শরিফুল ইসলামের আদালতে হাজির করে পুলিশ সাতদিনের রিমান্ড চায় বলে কোর্ট ইন্সপেক্টর মো. শহিদুল্লাহ জানান।
শুনানি শেষে বিচারক পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
বাকি একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শহিদুল্লাহ।
মঙ্গলবার ভোরে রায়গঞ্জ উপজেলার এরান্দহ বাজার জামিয়াতুল কোরআন ক্যাডেট মাদ্রাসা থেকে জেএমবির ওই চার নেতাকর্মীকে গ্রেপ্তারের পর রাতে তাদের বিরুদ্ধে মামলা করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- জেএমবির জেলা শাখার সভাপতি জয়নাল আবেদিন (৫৫), তার দুই ছেলে বোরহান উদ্দিন (২৮), ইমরান আলী (২৬) এবং কোষাধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক (৪৯)।
এদের মধ্যে জয়নাল আবেদিনের ছোট ছেলে ইমরান আলীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানান পুলিশ কর্মকর্তা শহিদুল্লাহ।
ওই ঘটনায় মঙ্গলবার রাতে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এসআই রওশন আলী বাদী হয়ে সলঙ্গা থানায় একটি মামলা করেন।
