২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বোমাসহ চার ‘জেএমবি’ আটক

সিরাজগঞ্জের একটি মাদ্রাসা থেকে হাতবোমা, বোমা তৈরির সরঞ্জাম ও উগ্র মতবাদের বইসহ জেএমবির চার নেতাকর্মীকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। 

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2016, 02:34 PM

Updated : 12 Apr 2022, 02:54 AM

রায়গঞ্জ উপজেলার এরান্দহ বাজার জামিয়াতুল কোরআন ক্যাডেট মাদ্রাসা থেকে মঙ্গলবার ভোরে তাদের আটক করা হয় বলে পুলিশ সুপার জানান।

আটক চারজন হলেন- জয়নাল আবেদিন (৫৫), তার দুই ছেলে বোরহান উদ্দিন (২৮) ও ইমরান আলী (২৬) এবং কাজিপুর উপজেলার গান্দাইল দক্ষিণপাড়ার আবু বক্কর সিদ্দিক (৪৯)।

দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ জানান,  ওই মাদ্রাসা থেকে ১০টি হাতবোমা, বোমা তৈরির সরঞ্জাম এবং ৩০টি জিহাদি বই উদ্ধার করা হয়েছে।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, তারা সদস্য ও অর্থ সংগ্রহ এবং জিহাদি বই বিতরণসহ সংগঠনের কর্মপন্থা নির্ধারণের উদ্দেশ্যে বৈঠকে মিলিত হয়েছিল।”

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান তিনি।

এসপি জানান, জয়নাল জেএমবির জেলা শাখার সভাপতি এবং আবু বক্কর কোষাধ্যক্ষ। জয়নালের পরিবারের আরেক সদস্য রায়হান উদ্দিন ‘জঙ্গি কর্মকাণ্ডের অভিযোগে’ বগুড়ায় গ্রেপ্তার হন। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।