বকেয়া বেতন-বোনাস দাবিতে টঙ্গীতে শ্রমিক বিক্ষোভ
গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতন-বোনাসের দাবিতে এক পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ দেখিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে জিডি করেছে।
বুধবার সকালে টঙ্গীর বিসিক এলাকার কেন্টো এশিয়া কারখানার শ্রমিকরা অগাস্টের বেতন ও বকেয়া ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ দেখায়।
টঙ্গী থানার এসআই মো. আবুল খায়ের বলেন, ঈদের আগে বেতন-বোনাস না দিয়ে ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ।
“বুধবার সকালে কারখানা খোলার কথা থাকলেও বন্ধের নোটিশ ঝুলিয়ে গেইটে তালা লাগিয়ে রাখে কর্তৃপক্ষ। এ দেখে শ্রমিকরা অবস্থান নিয়ে বিক্ষোভ করে। পুলিশ সেখান থেকে তাদের সরিয়ে দিলে তারা টঙ্গী থানায় অবস্থান নেয়।”
কারখানার শ্রমিক শিল্পী আক্তার বলেন, “আমাদের কিছু না বলে কারখানা কর্তৃপক্ষ আমাদের পাওনাদি পরিশোধ না করে কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করে। আমরা কাজ চাই, সময়মতো বেতন চাই।”
