শেরপুরে পুলিশের রক্তাক্ত লাশ: অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা
শেরপুরে পুলিশ কনস্টেবল রকিবুল নিহতের ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
সোমবার রাতে নিহতের বাবা শাহজাহান মিয়া মামলাটি দায়ের করেন বলে সদর থানার ওসি তদন্ত বিপ্লব কুমার বিশ্বাস জানিয়েছেন।
সোমবার সকাল ১০টার দিকে শেরপুর পুলিশ লাইনের কাছে রাস্তার পাশ থেকে কনস্টেবল রকিবুল হাসানের (২০) লাশ উদ্ধার করা হয়।
রকিবুল টাঙ্গাইলের দেলদুয়ার থানার শৈলকুড়িয়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। তিনি ২০১৫ সালের ১৫ নভেম্বর চাকরিতে যোগ দিয়ে শেরপুর পুলিশ লাইনে কর্মরত ছিলেন।
সোমবার রাতে ময়নাতদন্ত ও পুলিশ লাইনে জানাজা শেষে রকিবুলের লাশ তার বাবার কাছে হস্তান্তর করেছে পুলিশ।
শেরপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও ময়না তদন্তকারী কর্মকর্তা মো. মোবারক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শাবল জাতীয় অস্ত্র দিয়ে ওই পুলিশ কনস্টেবলের মাথা থেতলে দেওয়া হয়েছে। একই সঙ্গে তার শরীরের বাম পাশ এসিডে ঝলসানো ছিল।”
মাথায় গুরুতর জখমের কারনেই ওই পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।
