শেরপুরে পুলিশের রক্তাক্ত লাশ
শেরপুরে পুলিশ লাইনের এক কনস্টেবলের লাশ উদ্ধার করা হয়েছে, যার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ।
সোমবার সকাল ১০টার দিকে পুলিশ লাইনের কাছে রাস্তার পাশ থেকে লাশ উদ্ধার করা হয় বলে জানান শেরপুর সদর থানার ওসি মো. নজরুল ইসলাম।
নিহত রকিবুল হাসান (২০) টাঙ্গাইলের দেলদুয়ার থানার শৈলকুড়িয়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। তিনি ২০১৫ সালের ১৫ নভেম্বর চাকরিতে যোগ দিয়ে শেরপুর পুলিশ লাইনে কর্মরত ছিলেন।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাত ১০টার পর থেকে রকিবুলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পুলিশ খুঁজতে খুঁজতে সোমবার সকালে অজ্ঞাতপরিচয় হিসেবে লাশ উদ্ধার করে। পরে সহকর্মীরা লাশ শনাক্ত করেন।
“তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।”
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে আটক করা হয়েছে বলে তিনি জানান।
