২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসককে হয়রানি: শ্যামনগরের ওসি প্রত্যাহার

চিকিৎসক শম্পা রানী মণ্ডলকে ‘লাঞ্ছনার’ ঘটনায় ব‌্যবস্থা না নিয়ে উল্টো হয়রানি করার অভিযোগ ওঠায় সাতক্ষীরার শ্যামনগর থানার ওসি এনামুল হককে প্রত্যাহার করা হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2016, 02:46 PM

Updated : 12 Apr 2022, 02:54 AM

রোববার রাতে এক আদেশে তাকে প্রত্যাহার করা হয় বলে কালিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মির্জা সালাউদ্দিন জানিয়েছেন।

তিনি বলেন, “ওসি এনামুলকে প্রত্যাহার করে থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসীন আলিকে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।”

শম্পাকে হয়রানি করায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশের একদিন পরই শ্যামনগরের ওসির বিরুদ্ধে ব‌্যবস্থা নেওয়া হলো।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক শিশুর মৃত‌্যুকে কেন্দ্র করে গত ২৮ অগাস্ট শম্পা রানীকে ছাত্রলীগের স্থানীয় কয়েক নেতাকর্মী লাঞ্ছিত করেন বলে অভিযোগ রয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. খান হাবিবুর রহমান জানান, শিশুটির মৃত্যুসনদ লেখার প্রস্তুতির সময় শ্যামনগর মহসীন কলেজ ছাত্রলীগ সভাপতি আবদুস সবুর ও রহমতের নেতৃত্বে ছয়-সাতজন যুবক ডা. শম্পাকে লাঞ্ছিত এবং হাসপাতালের আসবাবপত্র ভাংচুর করেন।

ঘটনার পর শম্পা শ্যামনগর থানায় ছাত্রলীগ নেতা সবুর, রহমতসহ তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ৬/৭ জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জয় মণ্ডল, সবুর ও রহমতকে গ্রেপ্তারও করে।

গত ১১ সেপ্টম্বর রাতে শম্পাকে উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে মাতৃ শিশু দুগ্ধ ডি এস এফ কোয়ালিটি ম্যানেজার আরিফুজ্জামান পলাশের বাড়ি থেকে পুলিশ ধরে থানায় নিয়ে যায়।

পরে শম্পার বাবা শ‌্যামনগরের ধুমঘাট উচ্চ বিদ‌্যালয়ের শিক্ষক নগেন্দ্র নাথ সরকার মেয়েকে থানা থেকে ছাড়িয়ে আনেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, আগের ঘটনায় নিরাপত্তার ঝুঁকি দেখে তিনি নিজেই পলাশের বাড়িতে মেয়েকে রেখে এসেছিলেন।

তবে ‘আপত্তিকর’ অবস্থায় শম্পা ও পলাশকে আটক করার কথা সে সময় জানিয়েছিলেন ওসি এনামুল।

পলাশ ও তার স্ত্রী ওসির এই বক্তব‌্যকে নাকচ করেলেছেন, কয়েকজন যুবক পুলিশ নিয়ে এসে পলাশের পাশে ডা. শম্পাকে দাঁড় করিয়ে ছবি তোলার পর থানায় নিয়ে যায়।

শম্পা ও তার বাবা নগেন্দ্রনাথের দাবি, লাঞ্ছনার ঘটনার প্রতিকার চেয়ে মামলা এবং তাতে ছাত্রলীগের স্থানীয় তিন নেতাকর্মী গ্রেপ্তারের পর ওই ঘটনাকে আড়াল করতেই পুলিশ দিয়ে হয়রানির ঘটনা ঘটানো হয়।

পুরনো খবর:

ডা. শম্পাকে হয়রানি: দোষীদের বিরুদ্ধে ব‌্যবস্থা নিতে নির্দেশ মন্ত্রীর
লাঞ্ছনা সহ‌্য না করায় ‘চরিত্রহীন বানানোর চেষ্টা’