২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডা. শম্পাকে হয়রানি: দোষীদের বিরুদ্ধে ব‌্যবস্থা নিতে নির্দেশ মন্ত্রীর

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শম্পা রানী মণ্ডলকে হয়রানি করায় জড়িতদের বিরুদ্ধে ব‌্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

নিজস্ব প্রতিবেদক

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2016, 10:08 PM

Updated : 12 Apr 2022, 02:53 AM

প্রত‌্যন্ত অঞ্চলে কর্মস্থলে চিকিৎসকদের রাখতে সরকারের গলদঘর্ম হওয়ার মধ‌্যে সম্প্রতি সুন্দরবন লাগোয়া উপজেলাটিতে এই নারী চিকিৎসককে ক্ষমতাসীন দল সমর্থকদের হাতে হয়রানি হতে হয় বলে অভিযোগ উঠে।

এই ঘটনা নিয়ে রোববার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকের বলেন, “বিষয়টি আমি শুনেছি। বিষয়টি দুঃখজনক। যেই দোষী হোক না কেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

এদিকে চিকিৎসক শম্পা রানীকে অবৈধ আটকের চেষ্টা ও চরিত্র হননের অপচেষ্টায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং চিকিৎসকের নিরাপদ কর্মস্থলের দাবিতে রোববার সাতক্ষীরা সদর হাসপাতাল মোড়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়।

বাংলাদেশ মেডিকেল অ‌্যাসোসিয়েশনের (বিএমএ) সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আশিজুর রহমান, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ও শম্পা রানীসহ জেলার অন্যান্য চিকিৎসকরা এই কর্মসূচিতে অংশ নেন।

শম্পা রানীর উপর হামলার মামলার আসামি ছাত্রলীগের নেতা-কর্মীদের গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক শিশুর মৃত‌্যুকে কেন্দ্র করে গত ২৮ অগাস্ট শম্পা রানীকে লাঞ্ছিত করেন ছাত্রলীগের স্থানীয় কয়েক নেতা।

ওই ঘটনায় মামলার পর গত ১১ সেপ্টেম্বর রাতে শম্পা রানীকে ‘চরিত্রহীন’ পরিচয় দিয়ে পুলিশ আটক করে। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

এদিকে এই ঘটনার পর বৃহস্পতিবার কর্তৃপক্ষ শম্পা রানীকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সদর হাসপাতালে বদলি করে স্বাস্থ‌্য বিভাগ।

পুরনো খবর:

লাঞ্ছনা সহ‌্য না করায় ‘চরিত্রহীন বানানোর চেষ্টা’