২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

বগুড়ার শেরপুর উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে এক স্কুল শিক্ষকা ও এক কিশোরী নিহত হয়েছেন; আহত হন অন্তত ১৩ জন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2016, 11:38 AM

Updated : 12 Apr 2022, 02:54 AM

সোমবার ভোর রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর আমবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঢাকার মুগদা এলাকার আবাবিল লারনিং কিন্ডারগার্টেনের শিক্ষিকা রওশন আরা (২৭) এবং মোহনা (১৫)।

আহতদের একজন হলেন রওশান আরার স্বামী এজাজুল ইসলাম। তিনি শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এজাজুল পূবালী ব্যাংকে ঢাকার দিলকুশা শাখায় কর্মরত আছেন।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. সোহেল জানান, রাত পৌনে ৩টার দিকে আমবাগান এলাকায় রংপুর থেকে ঢাকাগামী ইউনাইটেড পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী লোহা ভরতি একটি ট্রাকের সংঘর্ষ হয়।

“এতে ঘটনাস্থলে একজন মারা যান এবং অন্তত ১৪ জন আহত হন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।”

আহতদের একজন ভোরে শজিমেক হাসপাতালে মারা যান বলে জানান সোহেল।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই শাহ আলম জানান, নিহত রওশন আরার বাড়ি রংপুরের গঙ্গাচরা এবং মোহনার বাড়ি রংপুর সদর উপজেলায়।

মোহনা তার মা গার্মেন্টসকর্মী ময়না বেগমের সঙ্গে ঢাকা যাচ্ছিল বলে জানান শাহ আলম।