২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌতুকের জন‌্য স্ত্রী হত্যা, স্বামীর প্রাণদণ্ড

রাজশাহীতে তিন বছর আগে যৌতুকের জন‌্য এক গৃহবধূকে হত্যার দায়ে তার স্বামীর ফাঁসির রায় দিয়েছে আদালত।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2016, 06:09 PM

Updated : 12 Apr 2022, 02:53 AM

জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব‌্যুনাল -২ এর বিচারক কেএম শহীদ আহাম্মেদ রোববার এই রায় ঘোষণা করেন।

প্রাণদণ্ডের আসামি মো. সুজন রায়ের সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তার বাবা মো. শামসুদ্দিন ও মা মেহের নিগারও ছিলেন এ মামলার আসামি।

হত‌্যাকাণ্ডে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় শামসুদ্দিন ও মেহের নিগারকে বিচারক খালাস দিয়েছেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান।

মামলায় অভিযোগ করা হয়, ২০১৩ সালের ১ মার্চ রাজশাহীর দুর্গাপুর উপজেলার পলাশবাড়ী গ্রামে সুজনদের বাড়িতে খুন হন তার স্ত্রী সীমা খাতুন।

ওই ঘটনায় সীমার বাবা রেজাউল হক দুর্গাপুর থানায় এই মামলা দায়ের করেন। সুজন ও তার মা-বাবা মিলে যৌতুকের দাবিতে সীমাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ করা হয় মামলায়।

তদন্ত শেষে পুলিশ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। সাক্ষ্যগ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় রোববার সুজনের সাজার আদেশ দিল আদালত।