২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাম্পাকো দুর্ঘটনায় ৬ লাশের পরিচয় মিলেনি

টঙ্গীর বিসিক শিল্প নগরীর টাম্পাকো ফয়েলস কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ছয়জনের পরিচয় জানা যায়নি।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2016, 12:17 PM

Updated : 20 Aug 2022, 01:41 PM

জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, ওই দুর্ঘটনায় এর আগে ১০ জন নিখোঁজের তথ্য থাকলেও শনিবার আরেকজন নিখোঁজের কথা জানা গেছে। এ নিয়ে নিখোঁজের সংখ্যা হলো ১১।

মামলার তদন্তকারী কর্মকর্তা টঙ্গী থানার এসআই সুমন ভক্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহত ৩৪ জনের মধ্যে ২৮ জনের পরিচয় পাওয়া গেছে। রোববার পর্যন্ত বাকি ছয়টি লাশের পরিচয় জানা যায়নি।

“লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। পুড়ে বিকৃত হয়ে যাওয়ায় লাশগুলো চেনারও উপায় নেই।”

গত ১০ সেপ্টেম্বর টাম্পাকো ফয়েলস কারখানায় বিস্ফোরণের পর আগুন ধরে ছাদের একটি অংশ ধসে পড়লে চাপা পড়েন অনেকেই। ওই ঘটনায় এ পর্যন্ত ৩৪ জনের লাশ পাওয়া গেছে; আহত রয়েছেন আরও অন্তত ৪০ জন।

সিলেটের বিয়ানীবাজারের তমিজ উদ্দিনের ছেলে কারখানার অপারেটর জয়নুল আবেদিনও (৩৮) সেদিন কারখানায় কাজ করছিলেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, জয়নালকে সেদিন উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছিল এবং সেখানে তার মৃত্যু হয়।

তবে জয়নালের পরিবার বলছে, জয়নালের মৃত্যুর খবর জানলেও আর কোনো হদিস পাননি তারা।  

জয়নুলের বড় ভাই মইনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টাম্পাকোর তৃতীয় তলার সিগারেটের প্যাকেটের দস্তার কাগজ তৈরির সেকশনে জয়রাল কাজ করতেন। দুর্ঘটনার দিনও জয়নাল ও অপারেটর রেদোয়ান আহম্মদ সকালে পাশাপাশি বসে কাজ শুরু করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, অগ্নিকাণ্ড ও ভবন ধসের ঘটনার পর জয়নাল ও রেদোয়ানকে উদ্ধার করে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠালে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের লাশ পাঠানো হয়।

কিন্তু তাদের মধ্যে কোনটি রেদোয়ান আর কোনটি জয়নুলের লাশ তা চেনার উপায় নেই বলে জানান মইনুল।  

লাশগুলোর পরিচয় সনাক্ত করতে ডিএনএ টেস্ট ছাড়া কোন উপায় নেই বলেন গাজীপুরের সিভিল সার্জন ডা. আলী হায়দার খান জানান। তবে কবে নাগাদ ডিএনএ পরীক্ষা করা হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এ ব্যাপারে টঙ্গী থানার এসআই সুমন ভক্ত জানান, গত বৃহস্পতিবার অজ্ঞাত পরিচয় লাশের ডিএনএ টেস্টের জন্য আদালতের অনুমতির আবেদন করা হয়েছে। অনুমতি পাওয়ার পরই তাদের ডিএনএ পরীক্ষা করা হবে।