২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ট্রলার ডুবে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

বরিশালের হিজলায় ট্রলার ডুবে নিখোঁজ ভাইবোনের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2016, 02:03 PM

Updated : 20 Aug 2022, 01:40 PM

হিজলা থানার ওসি মো. মাসুদুজ্জামান জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বড়জালিয়া ইউনিয়নের কাইসমা এলাকা সংলগ্ন মেঘনা নদী থেকে সুমাইয়া নামের ১২ বছর বয়সী ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “দুর্ঘটনাস্থলের তিন থেকে চার কিলোমিটার দূরে নদীতে সুমাইয়ার লাশ পাওয়া যায়। তবে তার ছোট ভাই রাজিন এখনও নিখোঁজ রয়েছে।”

চার বছর বয়সী রাজিনের সন্ধানে এখনও তল্লাশি চলছে বলে জানান তিনি।

ওসি জানান, বৃহস্পতিবার রাতে ঢাকাগামী লঞ্চ এমভি আওলাদ-৪ ধরতে একই পরিবারের নয়জন ট্রলারে করে বরিশাল যাচ্ছিলেন। পথে আরেকটি ট্রলার ধাক্কা দিলে নৌযানটি ডুবে সুমাইয়া ও রাজিন নিখোঁজ হয়।

সুমাইয়া ও রাজিন হিজলার মেমানিয়া খাগেরচর গ্রামের লিটন সরদারের সন্তান বলে জানান ওসি।

পুরনো খবর:

বরিশালে মেঘনায় ট্রলার ডুবে ভাই-বোন নিখোঁজ