বরিশালে মেঘনায় ট্রলার ডুবে ভাই-বোন নিখোঁজ
বরিশালের হিজলা উপজেলায় মেঘনায় ট্রলার ডুবে ভাই-বোন নিখোঁজ হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মৌলভীরহাট লঞ্চঘাটের কাছে মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে বলে জানান হিজলা থানার ওসি মো. মাসুদুজ্জামান।
নিখোঁজরা হলেন উপজেলার মেমানিয়া খাগেরচর গ্রামের লিটন সরদারের মেয়ে সুমাইয়া (১২) ও ছেলে রাজিন (৪)।
ওসি বলেন, মৌলভীরহাট লঞ্চঘাটের পন্টুন সংলগ্ন এলাকায় নদীতে চর জেগে ওঠায় ঢাকাগামী লঞ্চগুলো ঘাট থেকে কিছুটা অদূরে থামে। সেখানে যেতে হয় ট্রলারে করে।
“বৃহস্পতিবার রাতে ঢাকাগামী এমভি আওলাদ-৪ লঞ্চে উঠতে একই পরিবারের ৯ জন ট্রলারে করে যাচ্ছিল। পথে অপর একটি ট্রলার ধাক্কা দিলে ডুবে যায়।”
এ সময় সাতজন তীরে উঠতে পারলেও দুই শিশু নিখোঁজ হয় বলে জানান ওসি মাসুদুজ্জামান।
