সিরাজগঞ্জে পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আসামিকে ছিনিয়ে নিয়ে পুলিশকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রায়গঞ্জ উপজেলার হাতেম-হাসিল গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান সদর থানার এসআই সেলিম রেজা।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রায়গঞ্জ উপজেলার হাতেম-হাসিল গ্রামের ইমান আলী সদর থানায় দায়ের হওয়া একটি নারীনির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত প্রধান আসামি।
“চার কনস্টেবল নিয়ে বাড়ির কাছ থেকে ইমানকে গ্রেপ্তার করা হয়। কিন্তু স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে আমাকে ও দুই কনস্টেবলকে মারধর করে আসামি ছিনিয়ে নিয়ে আমাদের আটকে রাখে।”
এ সময় তারা কনস্টেবলদের কাছে থাকা বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ফিতা ছিঁড়ে যায় বলে জানান এসআই সেলিম।
তিনি বলেন, পরে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমাদের উদ্ধার করে। রায়গঞ্জ থানাকে আগেই জানানো হলেও তারা অতিরিক্ত পুলিশ নিয়ে উপস্থিত না থাকায় এ ঘটনা ঘটে।
রায়গঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান বলেন, আসামি ইমান আলীকে ধরার পর তার স্বজনরা তাকে ছিনিয়ে নিয়ে যায়। একপর্যায়ে তারা পুলিশের ওপর চড়াও হয়ে মারধর করে চার-পাঁচজন পুলিশকে অবরুদ্ধ করে রাখে।
এ ঘটনায় আহত এসআই সেলিম রেজা বাদী হয়ে অজ্ঞাতনামা ৪০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন বলে জানান ওসি মাহবুবুর।
