সাভারে উপজেলা পরিষদের ৪ দপ্তরে চুরি
সাভার উপজেলা পরিষদের চারটি সরকারি দপ্তরে চুরি হয়েছে।
ঈদুল-আজহার সরকারি ছুটি শেষে বৃহস্পতিবার সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ দপ্তরে যোগ দেওয়ার পর চুরির বিষয়টি বুঝতে পারেন বলে জানান সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু নাসের বেগ।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, সমবায়, পরিসংখ্যান কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দপ্তরে এ চুরির ঘটনা ঘটে।
ইউএনও বলেন, চোরেরা তালা ভেঙে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কক্ষ থেকে কম্পিউটারসহ মূল্যবান কাগজপত্র, সমবায় কর্মকর্তার অসিফ সহকারী কক্ষ থেকে কম্পিউটার ও মূল্যবান কাগজপত্র নিয়ে নতুন একটি তালা লাগিয়ে রেখে যায়।
“এছাড়া উপজেলা পরিসংখ্যান কর্মকর্তার কক্ষের তালা একটি কম্পিউটার ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদের অফিস সহকারীর কক্ষ থেকে একটি মনিটর ও তিনটি মাদারবোর্ড, হার্ডডিস্কসহ মূল্যবান সামগ্রী নিয়ে গেছে।”
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। পরবর্তী ব্যবস্থা পুলিশই নেবে বলে জানান তিনি।
সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহাফুজুর রহমান বলেন, চুরির খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। প্রাথমিক তদন্ত করা হয়েছে।
