সুন্দরবনে ২০ জেলে ‘অপহরণ’
সুন্দবন থেকে ‘বনদস্যু’ জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা ২০ জেলেকে অপহরণ করেছে বলে খবর পাওয়া গেছে।
চাঁদপাই রেঞ্জের ধানসিদ্ধির চর এলাকা থেকে বুধবার ভোরে তাদের অপহরণ করা হয় বলে কোস্টগার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট এম ফরিদউজ্জামান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
অপহৃতদের সবার বাড়ি বাগেরহাট ও সাতক্ষীরায় বলে ফরিদউজ্জামান জানান। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানাতে পারেননি তিনি।
শুক্রবার এই পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ থেকেই ১১ জেলে অপহরণ করা হয় বলে ফরিদউজ্জামান জানান। পাঁচদিনের মাথায় আবারও অপহরণের ঘটনা ঘটল।
ফরিদউজ্জামান জানান, এক সপ্তাহ আগে মংলা উপজেলার পাঁচ জেলেসহ অন্তত ৩০ জন জেলে চাঁদপাই রেঞ্জের ধানসিদ্ধির চর এলাকায় মাছ শিকারে যায়।
“ভোরে সেখানে মাছ শিকারের সময় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা তাদের মারধর করে অন্তত ২০ জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে যায় বলে শুনেছি।”
তিনি জানান, খবর পেয়ে কোস্টগার্ডের হারবাড়িয়া, নলিয়ান ও কোকিলমনির তিনটি কন্টিনজেন্ট ওই এলাকায় অভিযান শুরু করেছে। পাশাপাশি কোস্টগার্ড পশ্চিম জোনের একটি বিশেষ দলও সেখানে পাঠানো হয়েছে।
“তবে এখনও কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।”
গত শুক্রবার ভোর চারটার দিকে বনদস্যু সাগর বাহিনী অতর্কিত জেলে ট্রলারে হামলা চালিয়ে দুই জেলেসহ ১১ অপহরণ করে।
নাম প্রকাশে অনিচ্ছুক মংলা উপজেলার চিলা ইউনিয়ন পরিষদের এক সদস্য বলেন, গত শুক্রবার ভোর ৪টার দিকে বনদস্যু সাগর বাহিনী অতর্কিত জেলে ট্রলারে হামলা চালায়। এসময় তারা আমার দুই জেলেসহ ১১ জনকে তুলে নিয়ে যায়। তাদের বাড়ি মংলা উপজেলার উলুবুনিয়া, দক্ষিণ কাইনমারি ও কলাতলা কেয়াবুনিয়া গ্রামে।
তারা ‘বনদস্যু সাগর বাহিনীকে’ জনপ্রতি ১২ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ফিরে এসেছে বলে ততা দাবি।
তবে কোস্টগার্ড মুক্তিপণ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেনি।
