সুন্দরবনে ১১ জেলে অপহরণের খবরে কোস্টগার্ডের অভিযান
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে ১১ জেলে অপহরণের খবরে তাদের উদ্ধারে ওই এলাকায় অভিযান চালাচ্ছে কোস্টগার্ড।
অপহরণের খবর পেয়ে চাঁদপাই রেঞ্জের ধানসিদ্ধির চর এলাকায় অভিযান শুরু করা হয়েছে বলে কোস্টগার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার (অপারেশনস) লেফটেন্যান্ট এম ফরিদউজ্জামান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমক জানান।
শুক্রবার ভোররাতে মাছ ধরার সময় ১১ জেলেকে বনদস্যু সাগর বাহিনী অপহরণ করেছে বলে স্থানীয় গণমাধ্যমকর্মীদের জানান পালিয়ে আসা এক জেলে।
মংলা উপজেলার চিলা ইউনিয়নের এক ইউপি সদস্য বলেন, “৪/৫ দিন আগে কলাতলা কেয়াবুনিয়া গ্রামের দুই জেলে আমার ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে যায়। শুক্রবার ভোর ৪টার দিকে বনদস্যু সাগর বাহিনী ট্রলারে হামলা চালিয়ে এক জেলেকে ধরে নিয়ে যায়।
“ফিরে আসা আরেক জেলে জানিয়েছে সাগর বাহিনী সেখান থেকে অন্তত ১১ জনকে তুলে নিয়ে গেছে।
অপহৃত জেলেদের বাড়ি মংলা উপজেলার উলুবুনিয়া, দক্ষিণ কাইনমারি ও কলাতলা কেয়াবুনিয়া গ্রামে বলে জানান তিনি।
লেফটেন্যান্ট ফরিদউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছ থেকে অপহরণের খবর পেয়ে আমরা ওই এলাকায় অভিযান শুরু করেছি।তবে এখনও কাউকে উদ্ধার করতে পারিনি।”
