মাগুরায় ঈদের জামাতে সাকিব
স্ত্রী-মেয়ে নিয়ে এবার মাগুরায় ঈদুল আজহা উদযাপন করছেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় শহরের নোমানী ময়দানে ঈদের জামাতে অংশ নেন তিনি।
এই জামাতে মাগুরার জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলও নামাজ পড়েন। নামাজ পড়ান জেলা জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি মো: রইস উদ্দিন।
সাকিব চার দিন আগে স্ত্রী শিশির ও মেয়ে আলাইনা হাসান অব্রিকে নিয়ে ঈদ করতে মাগুরা শহরের কেশব মোড়ের বাড়িতে আসেন, যেখানে তার মা-বাবা থাকেন।
সাকিবের বাবা মাশরুর রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাবা-ছেলে মিলে এবার দুটি গরু ও চারটি ছাগল কোরবানি দিচ্ছেন।
কোরবানির জন্য এই ক্রিকেটার কুষ্টিয়া থেকে এক লাখ ৬০ হাজার টাকা দিয়ে দুটি গরু কিনেছেন। পাশাপাশি স্থানীয় হাট থেকে ৫০ হাজার টাকা দিয়ে চারটি ছাগলও কেনা হয়েছে।
বাড়ি ফেরার পর শনিবার বিকালে সাকিব কিছু সময়ের জন্য মাগুরা স্টেডিয়ামে যান। সেখানে তিনি একাডেমির প্রশিক্ষণার্থীদের ক্রিকেটের কিছু কলাকৌশল শিখিয়ে দেন।
