সিলেটে ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা
এক দিনের মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছে সিলেট সিটি করপোরেশন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে নগরীতে নিয়োগ দেওয়া হয়েছে বাড়তি পরিচ্ছন্নতাকর্মী। ঠিক করে দেওয়া হয়েছে বর্জ্য ফেলার জায়গা।
সিলেট সিটি করপোরেশন ব্যবস্থাপনা কর্মকর্তা হানিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিলেট মহানগরীতে নিয়মিত সময়ে ২৫০ মেট্রিক টন বর্জ্য অপসারণে ৩৫৭ জন পরিচ্ছন্নতাকর্মী কাজ করেন।
“এবার মহানগরীতে প্রায় দেড় লাখ পশু কোরবানি হবে, যাতে আরও ১০০ মেট্রিক টনের মতো অতিরিক্ত বর্জ্য উৎপাদন হবে। এ কারণে অতিরিক্ত ১০০ পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়া হয়েছে।”
এদিকে নগরীর পরিচ্ছন্নতার কথা মাথায় রেথে নির্দিষ্ট স্থানে পশু কোরবানি ও বর্জ্য ফেলতে বিভিন্ন পন্থায় নগরবাসীকে সচেতন করা হচ্ছে বলে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে নগরীর ২৭টি স্থানে কোরবানির স্থান নির্ধারণ করা হয়েছে। আমরা নগরবাসীকে নির্দিষ্ট স্থানে কোরবানি দিতে নানাভাবে প্রচারণা চালিয়েছি।”
এছাড়া নগরীর ওয়ার্ডে ওয়ার্ডে মাইকিং করে স্থানীয়দের সচেতন করার হচ্ছে বলে নির্বাহী কর্মকর্তা এনামুল জানান।
