২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিজিএফের চাল উদ্ধার, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

মাগুরার মহম্মদপুর উপজেলায় ঈদুল আজহা উপলক্ষে দুঃস্থদের মাঝে বরাদ্দ ভিজিএফের ২২ বস্তা চাল উদ্ধার হয়েছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2016, 02:50 PM

Updated : 20 Aug 2022, 01:39 PM

রোববার দুপুরে উপজেলার নহাটা বাজারে দুই ব্যবসায়ীর বাড়ি থেকে এ চাল উদ্ধার করা হয় বলে জানান মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিন হোসেন।

এ ঘটনায় নহাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী মিয়াসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

ইউএনও বলেন,, শনিবার থেকে নহাটা ইউনিয়নের ১৬২৭ জন দুঃস্থ কার্ডধারীর জন্য দেওয়া ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়। রোববার চেয়ারম্যানের বাকি চাল বিতরণের কথা ছিল।

“কিন্তু গোপন খবরে জানতে পারি চেয়ারম্যান রাতেই কিছু চাল আনন্দ ও সমীর নামে স্থানীয় দুই ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছেন। এ খবরে রোববার দুপুরে তাদের বাড়িতে অভিযান চালিয়ে ২২ বস্তা চাল পাওয়া যায়।”

ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান আলী মিয়া, ব্যবসায়ী সমীর ও আনন্দকে আসামি করে মামলা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।