কেরাণীগঞ্জে পিটুনিতে ‘ছিনতাইকারী’ নিহত
ঢাকার কেরাণীগঞ্জে এলাকাবাসীর পিটুনিতে এক ‘ছিনতাইকারী’র মৃত্যু হয়েছে। এছাড়া পুলিশ একটি ছুরিকাহত লাশ উদ্ধার করেছে।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ মান্দাইল থেকে ছুরিকাহত লাশ উদ্ধার ও শুক্রবার রাতে মেকাইল গ্রামের সড়কে পিটুনির ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মো. রুবেল (২৪) উপজেলার নজরগঞ্জের কাজীবাড়ি এলাকার রবিউল্লাহর ছেলে।
পিটুনিতে নিহত অজ্ঞাতপরিচয় ‘ছিনতাইকারীর’ বয়স আনুমানিক ২৩ বছর।
স্থানীয়দের বরাত দিয়ে কেরাণীগঞ্জ মডেল থানার এসআই মো. ওলিয়ার রহমান বলেন, শনিবার সকাল ১০টার দিকে দক্ষিণ মান্দাইল এলাকার পাকা সড়কে রুবেলের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
“তার বুকের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।”
একই থানার পরিদর্শক (তদন্ত) আনসারী জিন্নত আলী বলেন, শুক্রবার রাতে উপজেলার মেকাইল গ্রামের সড়কে এলাকাবাসীর পিটুনিতে এক ছিনতাইকারী আহত হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
