২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হতদরিদ্র আর থাকবে না: তোফায়েল

‘খাদ্যবান্ধব’ কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে চাল বিতরণের কথা তুলে ধরে বাণিজ‌্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামীতে বাংলাদেশে আর হতদরিদ্র কেউ থাকবে না বলেই তিনি আশা করছেন।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2016, 05:48 PM

Updated : 20 Aug 2022, 01:39 PM

শনিবার নিজের নির্বাচনী এলাকা ভোলা সদরের শিবপুর ইউনিয়নে ১৭০০ দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “আমাদের সরকার ৫০ লাখ হতদরিদ্র মানুষকে পাঁচ মাস ১০ টাকা কেজি দরে চাল বিতরণ করবে। এতে বছরে সরকারকে দুই হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বুধবার এই ‘খাদ্যবান্ধব’ কর্মসূচির উদ্বোধন করেন, যার আওতায় বছরে সাড়ে সাত লাখ টন চাল বিতরণ করা হবে।

ভোলা বাংলাদেশের সবচেয়ে উন্নত জেলা হবে- এমন আশা প্রকাশ করে তোফায়েল বলেন, “ভোলায় গ্যাস আছে, বিদ্যুৎ আছে, ভোলায় শিল্প কারখানা হবে।

“এছাড়া ভোলা-বরিশাল ব্রিজ হলে পদ্মা সেতু হয়ে সরাসরি সড়ক পথে সল্প সময়ে ভোলার মানুষ ঢাকা যেতে পারবে।”

অন‌্যদের মধ‌্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক নজরুল ইসলাম গোলদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

১০ টাকায় চাল বিতরণ শুরু