ঠাকুরগাঁওয়ে কিশোরকে হাত-পা বেঁধে নির্যাতন
চুরির অভিযোগ তুলে ঠাকুরগাঁও শহরে এক কিশোরকে হাত-পা বেঁধে নির্যাতন করেছে একদল যুবক।
শনিবার দুপুরে শহরের আমাদের বাজার মার্কেট থেকে আহত রমজান আলীকে (১৬) উদ্ধার করা হয় বলে জানান ঠাকুরগাঁও সদর থানার এসআই সিরাজুদ্দৌলা।
রমজান আলী জেলা শহরের টিকাপাড়া এলাকার হাসিবুল ইসলামের ছেলে।
রমজানের বাবা হাসিবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাপড়চোপড় চুরির অপবাদ দিয়ে স্থানীয় রাসেল, সুজন ও তাদের কয়েকজন সহযোগী তার ছেলেকে হাত-পা বেঁধে বেধরক মারপিট করে।
ঠাকুরগাঁও সদর থানার এসআই সিরাজুদ্দৌলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছেলেটির শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে থানায় আনা হয়েছে বলে জানান তিনি।
রাসেল ও সুজনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, শনিবার সকালে তাদের প্যান্ট ও টি-শার্ট চুরি করে পালানোর সময় রমজান আলীকে আটক করা হয়।
তবে তাকে মারপিটের বিষয়টি তারা অস্বীকার করেন।
