হবিগঞ্জে সালিশে দুইপক্ষের সংঘর্ষে আহত ৩০
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় এক সালিশ বৈঠকে দুইপক্ষের সংঘর্ষে নারীসহ ৩০ জন আহত হয়েছে।
শনিবার উপজেলার শিবপাশা গ্রামে এ সংঘর্ষে আহতদের মধ্যে ১৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে আজমিরীগঞ্জ থানার ওসি ওহিদুর রহমান জানান।
বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, শুক্রবার তুচ্ছ ঘটনা নিয়ে গ্রামের মনু মিয়া সঙ্গে হিরাই মিয়ার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষও হয়।
“এ ঘটনা নিস্পত্তিতে শনিবার সকালে দুপক্ষ সালিশে বসে। সালিশের এক পর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে নারীসহ ৩০ জন আহত হয়।”
খবর পেয়ে শিবপাশা ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুনরায় সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
