মুক্তিপণের দাবিতে অপহৃত এনজিও কর্মকর্তা উদ্ধার, আটক ২
ঝিনাইদহে মুক্তিপণের দাবিতে অপহৃত এক এনজিও কর্মকর্তাকে উদ্ধার করেছে র্যাব।
শুক্রবার রাতে শহরের কোর্টপাড়া থেকে উদ্ধার করা হয় বলে জানান র্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার মেজর মনির আহমেদ।
উদ্ধার আনিছুর রহমান বেসরকারি সংস্থা আশার ঝিনাইদহ শাখার ব্যবস্থাপক।
অপহরণে জড়িত অভিযোগে এক দম্পতিকে আটক করা হয়েছে।
মেজর মনির বলেন, শুক্রবার সকালে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে অপহরণ করা হয় আনিছুর রহমানকে। পরে তাকে শহরের কোর্টপাড়ার একটি বাসায় আটকে রেখে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
“তার স্বজনেরা বিষয়টি র্যাবকে জানালে অভিযান চালিয়ে শুক্রবার রাতে কোর্টপাড়ার একটি বাসা থেকে আনিছুরকে উদ্ধার করা হয়।”
পরে এ ঘটনায় জড়িত কোর্টপাড়ার হুমায়ুন কবির রিপন ও তার স্ত্রী মারিয়া মেরি মোহনাকে আটক করা হয় বলে জানান তিনি।
