বগুড়ায় পেট্রোল পাম্পে আগুন
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পেট্রোল পাম্প থেকে আগুন লেগে আশপাশের দোকানে ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার কিচকে মেসার্স নওশের এন্টারপ্রাইজ নামের পেট্রোল পাম্পে আগুন লাগে বলে জানান বগুড়া ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইউনুছ আলী।
তিনি বলেন, বগুড়া, জয়পুরহাট ও গাইবান্ধা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিন আগুন লাগার কারণ জানাতে পারেননি।
ঘটনাস্থলে থাকা শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মিন্টু বলেন, ওই পাম্পে পেট্রোল, ডিজেল, গ্যাস সিলিন্ডার ও কীটনাশক ওষুধ বিক্রি হয়।
“আগুন লাগার পর পাম্পে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে পাশের দুটি মার্কেটের অর্ধশতাধিক দোকানে আগুন ছড়িয়ে পড়ে।”
পাম্পের পাশের দোকানে সুতা থাকায় আগুন সহজে ছড়িয়ে পড়ে বলে তিনি জানান।
পাম্পটিতে বৃহস্পতিবার রাতে এক ট্রাক গ্যাস সিলিন্ডার নামানো হয় বলে স্থানীয়রা জানিয়েছে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুর রহমান বলেন, ওই পাম্পের অনুমোদন ছিল না।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
