২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রামুতে নৌকা ডুবি, ২ স্কুলছাত্র নিখোঁজ

কক্সবাজারের রামু উপজেলায় বাঁকখালী নদীতে নৌকা ডুবে দুই স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2016, 06:14 PM

Updated : 20 Aug 2022, 01:38 PM

শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে রামুর চাকমারকূল ইউনিয়নের কলঘর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর।

নিখোঁজরা হলো দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ঘাটপাড়ার বশির আহমদের ছেলে আসিফুর রহমান (১৬) ও পশ্চিম উমখালী এলাকার শামসুল আলমের ছেলে আব্দুর রহমান (১৬)। দুজনই রামুর দক্ষিণ মিঠাছড়ি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, খেয়াঘাটের যাত্রী বহনকারী নৌকা নদীর মাঝখানে গিয়ে উল্টে যায়। এতে ৮ যাত্রী পানিতে পড়ে। পরে ৬ জনকে জীবিত উদ্ধার করা গেলেও আসিফুর ও রহমান নিখোঁজ হয়।

নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবরি দল, পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলসহ নদীর বিভিন্ন পয়েন্টে উদ্ধার তৎপরতা চালাচ্ছে বলে জানান ওসি।

ঘটনাস্থল থেকে কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের অপারেশন কর্মকর্তা মো. আব্দুল মজিদ বলেন, ঘটনাস্থল ৩০ থেকে ৪০ ফুট গভীর। ফায়ার সার্ভিসের ডুবরি দলের সদস্যরা ঘটনাস্থল ও তার আশপাশে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

নিখোঁজ আসিফুরের ভাই মো. সিফাত বলেন, রামুর কলঘর বাজার সংলগ্ন কোরবানির পশুর হাট দেখতে নৌকায় করে বাঁকখালী নদী পার হচ্ছিল তার ভাইসহ আটজন।

নিখোঁজ দুই ছাত্র সাঁতার জানত না বলে স্বজনরা জানিয়েছেন।