স্কুল ব্যবস্থাপনা কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ১০
মাগুরা সদর উপজেলায় একটি স্কুলের ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আসবা গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে সদর থানার এসআই শ্রীবাস বিশ্বাস জানান।
আহতদের মধ্যে গুরুতর তিন জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই শ্রীবাস বলেন, আসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে সম্প্রতি গ্রামের সুব্রত বিশ্বাস ও শুধাংশু বিশ্বাসের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধের জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় দুপক্ষের কথাকাটাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়।
এ সময় হামলা-পাল্টা হামলায় উভয় পক্ষের ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
