গাইবান্ধায় বোমাসহ জেএমবি ‘সদস্য’ আটক
গাইবান্ধার সাঘাটা উপজেলায় বোমাসহ এক জেএমবি ‘সদস্যকে’ আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার উপজেলার বোনারপাড়া বাজারের কলেজ রোড এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান সাঘাটা থানার ওসি মোস্তাফিজুর রহমান।
আটক ফরিদ উদ্দিন (৪৫) উপজেলার বোনারপাড়া ইউনিয়নের পশ্চিম রাঘবপুর ভুতমারা গ্রামের মৃত সাদেক আলীর ছেলে।
এ সময় তার কাছ থেকে তিনটি বোমা এবং বোমা তৈরির বারুদ, সার্কিট, ডেটোনেটর, ব্যাটারিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় বলে জানান তিনি।
ওসি মোস্তাফিজুর বলেন, ফরিদ জেএমবির সক্রিয় কর্মী মোকছেদুল ইসলামের পাওয়ার ট্রলির চালক হিসাবে কাজ নেন। পরে তার মাধ্যমে ওই সংগঠনে সদস্য হন।
“গাইবান্ধায় জঙ্গি বিরোধী অভিযান শুরু হলে মোকছেদুল বোমা ভর্তি ব্যাগটি ফরিদের কাছে রেখে স্ত্রী রোজিনা বেগমকে নিয়ে পালিয়ে টাঙ্গাইলে যান। গত মাসে টাঙ্গাইলে পুলিশের হাতে তারা ধরা পড়েন।”
তিনি বলেন, “তারা পুলিশকে বোমা এবং বোমা তৈরির সরঞ্জামাদি ফরিদের কাছে সংরক্ষিত আছে বলে জানায়।”
