মুন্সীগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘরমুখোদের গাড়ির জট
ছুটি শুরুর আগেই ঈদে ঘরমুখো মানুষের চাপ বাড়ায় মুন্সীগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তৈরি হয়েছে যানজট।
মেঘনা সেতু থেকে মেঘনা-গোমতী সেতুর গজারিয়া অংশে প্রায় ১৩ কিলোমিটার এলাকার সড়কে বৃহস্পতিবার ভোর থেকে গাড়ি চলছে ধীর গতিতে।
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মো. কামারুজ্জামান রাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চাপ বেশি থাকায় গাড়ি চলাচলে সময় লাগছে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।
ফাইল ছবি
মাওয়া পুলিশ ফাঁড়ির এসআই মো. মোশারফ হোসেন জানান, শিমুলিয়া ঘাটে খুব বেশি ভিড় নেই। ঢাকা-মাওয়া সড়কেও যানজট নেই।
এ নৌ রুটে ১৬টি ফেরি চালচল করছে। তবে নাব্য সঙ্কটের কারণে রো রো ফেরিগুলো কম যানবাহন তুলছে বলে জানান তিনি।
