২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাকার অভাবে পড়েছে ফরিদপুরের ব্যাংকগুলো

সোনালী ব্যাংক চাহিদামতো টাকা সরবরাহ করতে না পারায় সংকটে পড়েছে ফরিদপুরের সরকারি ও বেসরকারি ব্যাংকগুলো।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2016, 11:49 PM

Updated : 20 Aug 2022, 01:37 PM

ফরিদপুরে বাংলাদেশ ব্যাংকের শাখা না থাকায় সোনালী ব্যাংকের প্রধান শাখা বাংলাদেশ ব্যাংকের এজেন্ট হিসেবে কাজ করে। সেখান থেকেই জেলার সব সরকারি-বেসরকারি ব্যাংক প্রয়োজন জানিয়ে টাকা নিয়ে থাকে।

ফরিদপুর অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক লুৎফর রহমান বলেন, সোনালী ব্যাংক থেকে প্রয়োজনীয় টাকা সরবরাহ না পেয়ে আমরা সংকটে পড়েছি।

“ঈদুল আজহা সামনে রেখে আমরা ১০ কোটি টাকার চাহিদাপত্র দিয়েছিলাম। কিন্তু আমাদের বরাদ্দ দেওয়া হয়েছে পাঁচ কোটি টাকা।”

সংকটের কথা জানালেও কোনো কর্মকর্তা নাম প্রকাশ করতে রাজি হননি। ফরিদপুর শহরের প্রাইম ব্যাংক ও যমুনা ব্যাংকের কর্মকর্তারা বলেন, বুধবার সকালে সোনালী ব্যাংকে টাকা আনতে গেলে তাদের ফিরিয়ে দেওয়া হয়।

নাম না প্রকাশ করে আরেকটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপক বলেন, ফরিদপুর শহরসহ বিভিন্ন উপজেলা ও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা মিলিয়ে তাদের ৩৭টি এটিএম বুথ রয়েছে। এসব বুথে ৫০০ ও ১০০০ টাকার নোট রাখা হয়। কিন্তু সোনালী ব্যাংক এই মানের নোট সরবরাহ না করায় গ্রাহকরা ভোগান্তির মুখে পড়েছে।

ঈদুল আজহার আগে চাহিদা অনুযায়ী টাকা না পেয়ে ফরিদপুরের চারটি সরকারি ও ১৯টি বেসরকারি ব্যাংকের দুই শতাধিক শাখা সংকটে পড়েছে বলে স্বীকার করেছেন ফরিদপুর সোনালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক লক্ষ্মীনারায়ণ ঘোষাল।

তিনি বলেন, টাকা দিতে সমস্যা হবে না। বরিশাল থেকে টাকার গাড়ি এলেই সমস্যার সমাধান হয়ে যাবে।

বুধবার বিকাল ৫টা পর্যন্ত টাকার গাড়ি এসে পৌঁছায়নি বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।