শেরপুরে ট্রাকচাপায় নিহত, সড়ক অবরোধ
শেরপুরের নলিতাবাড়ীতে ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার উপজেলার তালতলা এলাকায় নালিতাবাড়ী-নকলা সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান নালিতাবাড়ী থানার ওসি এ কে এম ফসিহুর রহমান।
নিহত জহুরুল মিয়া (৪০) যোগানিয়ার তালুকপাড়া গ্রামের মৃত ছৈমুদ্দিনের ছেলে।
এ দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকে আগুন লাগিয়ে দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি বলেন, তালতলা এলাকায় নালিতাবাড়ীগামী ট্রাকটি একটি গরু ধাক্কা দিয়ে পালানোর সময় মালিক জালাল উদ্দিন ট্রাকটিকে আটকানোর জন্য চিৎকার করে।
“এ সময় আশেপাশের লোকজন গতিরোধ করতে গেলে চালক জহুরুলের ওপর ট্রাক উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
“পরে স্থানীয়রা ট্রাকটিতে আগুন ধরিয়ে চালককে পিটুনি দেয় এবং সড়ক অবরোধ করে রাখে।”
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
